নবীনগরে চুরির অপবাদে দিনমজুরের আত্মহত্যা
- আপডেটের সময়: ১০:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / 171
শুভ চক্রবর্তী, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোবাইল চুরির অপবাদে আবুল কালাম(৩৫) নামে এক দিনমজুরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বিটঘর গ্রামের মধ্যপাড়ায় গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে সে পরিবার নিয়ে উপজেলার বিটঘর গ্রামের মধ্যপাড়ার মৃত রূপ মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত আবুল কালাম বিটঘর গ্রামের অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং তার হাত পা বেঁধে মারধর করে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। চুরির এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























