প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্য সরকারের
- আপডেটের সময়: ০১:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 13
দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে পোল্ট্রি শিল্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। বর্তমানে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন, যাদের ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি জানান, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশু-পাখির চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বড় বাধা রোগবালাই উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশুচিকিৎসায় ব্যবহারের জন্য ১৭ ধরনের টিকা উৎপাদন করা হচ্ছে। তবে এই উৎপাদন চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতের অবদান গুরুত্বপূর্ণ। নিজেদের উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের সঙ্গে পুষ্টিনিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের মোট প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান আসে দুধ, মাংস ও ডিম থেকে। প্রাণিজ আমিষ উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এ খাত দ্রুত বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। খাতটির বিকাশে প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে সরকার।
প্রধানমন্ত্রীর মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও বাড়বে।
তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এ ধরনের নতুন পণ্য রপ্তানির পাশাপাশি বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি। এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রাণী অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশু-পাখির অধিকারও উপেক্ষা করা যাবে না।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে প্রাণীদের কয়েকটি অধিকার স্বীকৃত। তাদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দেওয়া, স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করা এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখা জরুরি। মানবিক মানুষ হিসেবে পশু-পাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা সবার দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল লক্ষ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। দেশের খামারিরাই এ খাতের প্রধান চালিকাশক্তি। তাঁদের মেধা, শ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে এ পদক অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাঁদের অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগাতে পারলে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অদূর ভবিষ্যতে প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



















