ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ৬ মৃত্যু
- আপডেটের সময়: ১২:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / 470
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। করোনায় একজন এবং উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিন জন, নেত্রকোনা, জামালপুর ও গাজীপুরের একজন করে রোগী রয়েছেন। মারা যাওয়া রোগীদের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ১২২ জন মারা গেলেন। তবে গত জুলাই ও আগস্ট মাসে একই হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়েছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৫ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন।


























