ফিরেছে গ্রাহকের আস্থা
সতর্ক ঋণনীতি ও ব্যয় নিয়ন্ত্রণে ২০২৫ ইউসিবির ঘুরে দাঁড়ানোর বছর
- আপডেটের সময়: ০৮:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 355
বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ঘুরে দাঁড়ানোর বছর ২০২৫ সাল। আমানতে রেকর্ড প্রবৃদ্ধির মাধ্যমে যেমন ব্যাংকটি তার আর্থিক ভিত্তি শক্ত করেছে, একইসঙ্গে ফিরেছে গ্রাহকদের আস্থাও। সংযত ঋণনীতি, ঝুঁকি বিবেচনায় বিনিয়োগ এবং ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ; সব মিলিয়ে ২০২৫ সালকে ব্যাংকটির পুনরুদ্ধারের বছর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ আর্থিক চিত্রে দেখা যায়, ২০২৫ সালে ইউসিবির মোট আমানত দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৯৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। টাকার অঙ্কে প্রায় ১৩ হাজার কোটি টাকার এই প্রবৃদ্ধি ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ। এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে রিটেইল আমানত থেকে, যা মোট আমানতের ৫৯ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন হিসাব খোলা হয়েছে, যার বড় অংশই সঞ্চয়ী ও চলতি হিসাব। ফলে বড় আমানতের ওপর নির্ভরতা কমিয়ে বিস্তৃত গ্রাহকভিত্তি তৈরির কৌশল ফল দিতে শুরু করেছে।
ঋণ বিতরণে আগ্রাসী না হয়ে সতর্ক অবস্থান নিয়েছে ব্যাংকটি। ২০২৫ সালে ঋণ ও অগ্রিম বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৮৯ কোটি টাকা, প্রবৃদ্ধি ৮ শতাংশ; যা পুরো ব্যাংকিং খাতের গড়ের চেয়ে বেশি। একই সময়ে কম ঝুঁকির বিনিয়োগ ৬৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৮৭১ কোটি টাকায় পৌঁছেছে। ফলে ঋণ-আমানত অনুপাত ৯১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৮৩ শতাংশে নেমে এসেছে। ব্যাংকারদের ভাষায়, এই পরিবর্তন তারল্য ব্যবস্থাপনায় ‘কমফোর্ট জোন’ তৈরি করেছে এবং ভবিষ্যৎ চাপ মোকাবিলায় সহায়ক হবে।
খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি
খেলাপি ঋণ ব্যবস্থাপনাতেও ইউসিবি সক্রিয়তা বাড়িয়েছে। ২০২৫ সালে রাইট-অফ ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ। পাশাপাশি এক হাজারের বেশি নতুন মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ জোরদার করা হয়েছে। এর ফলে শ্রেণিকৃত ঋণের হার প্রায় চার শতাংশ কমেছে, যা সম্পদের গুণগত মান উন্নয়নের ইঙ্গিত দেয়।
ব্যবসা বাড়লেও কমেছে ব্যয়
ব্যবসা সম্প্রসারণের মধ্যেও পরিচালন ব্যয়ে শৃঙ্খলা আনতে পেরেছে ব্যাংকটি। ব্যয় কমেছে প্রায় ৯৭ কোটি টাকা, যদিও জনবল বেড়েছে খুব সামান্য। এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো লাভজনক হয়েছে। উপশাখাগুলোর গড় আমানত সাড়ে ১২ কোটি টাকা থেকে বেড়ে ২০ কোটিতে উন্নীত হয়েছে। পাশাপাশি ইসলামি ব্যাংকিং কার্যক্রমেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ফলে আমানত ১৬৩ শতাংশ এবং বিনিয়োগ ১৪৫ শতাংশ বেড়েছে; যা ব্যাংকটির বহুমুখী ব্যবসায়িক সক্ষমতা বাড়ার ইঙ্গিত দেয়।
ডিজিটাল ব্যাংকিংয়েও পিছিয়ে নেই ইউসিবি। ২০২৫ সালে মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশই সম্পন্ন হয়েছে ডিজিটাল মাধ্যমে। মাইক্রোসার্ভিস-ভিত্তিক ওপেন এপিআই কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে ফিনটেক খাতের সঙ্গে সমন্বয় সহজ করবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ব্যাংকটির সঙ্গে হাজারো পরিবারের জীবিকা জড়িত এবং সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আবার শক্ত ভিত্তিতে দাঁড়াতে শুরু করেছে।
ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে, অনিয়ম ও চাপের মধ্যে থাকা একটি ব্যাংক কীভাবে সুশাসন, সংযত নীতি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে ইউসিবি তার একটি বাস্তব উদাহরণ হয়ে উঠছে। তবে এই অগ্রযাত্রার প্রকৃত মূল্যায়ন হবে ধারাবাহিকতায় কারণ আস্থা ফিরে পাওয়া যেমন কঠিন, তা ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জ।





















