রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি লো কস্ট ও নো কস্ট ডিপোজিট বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন, সিএমএসএমই খাতে ঋণ সম্প্রসারণ, ঋণ আদায় জোরদার, মুনাফা বৃদ্ধি এবং ২০২৬ সালে বিভিন্ন সূচকে প্রদত্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণসহ সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি পূর্বে ঘোষিত আদায় বর্ষকে অব্যাহত রেখে ২০২৬ সালকে রূপালী ব্যাংকের “ঋণ বিতরণ বর্ষ” হিসেবে ঘোষণা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখাকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি গ্রাহকসেবার মানোন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় বরিশাল বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।





















