সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃত্যু
- আপডেটের সময়: ১২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 8
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্বীপের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই তার অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সমস্যা ছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক।




















