মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন
- আপডেটের সময়: ০৫:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 4
বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন করেছে কর্মসংস্থান ব্যাংক।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
তিনি ৬ জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতার।
বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, আশা করি বাংলাদেশ ব্যাংক বেকার যুবদের কর্মসংস্থানে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে। সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছাতে হবে। ঋণের অর্থ যেন নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়েও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে পারভীন আকতার বলেন, কর্মসংস্থান ব্যাংক তার প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা অব্যাহত রেখেছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে।
এ কর্মসূচির আওতায় সারাদেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মাঝে প্রায় ৩৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।এ কর্মসূচির আওতায় ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের আওতায় কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে ১,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয় ও নিরীক্ষা কার্যালয় প্রধান, আঞ্চলিক কার্যালয় ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




















