দেড়শ বছরের ইতিহাস ভেঙ্গে লিটনের বিশ্বরেকর্ড
- আপডেটের সময়: ০৭:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 6
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। এক ইনিংসে আটটি ডিসমিসাল করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কিপিংয়ের এই অনন্য কীর্তি গড়েন লিটন।
মেহেদী হাসান মিরাজের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের সেরা স্কোরে পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তৃতীয় ছক্কা মারার চেষ্টায় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলের নাগাল পাননি তিনি। মুহূর্তের মধ্যেই বল গ্লাভসে জমা করে স্টাম্প ভেঙে দেন লিটন। রাবাদার স্টাম্পিংয়ের মধ্য দিয়ে এক ইনিংসে আটটি ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই উইকেটকিপার।
এর আগে টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের দখলে। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। প্রত্যেকেই সাতটি করে ক্যাচ নিয়েছিলেন। তাদের সবাইকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন লিটন। তাঁর আটটি ডিসমিসালের মধ্যে রয়েছে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং।
তিন দিন ধরে গড়ে উঠেছে লিটনের এই বিশ্বরেকর্ড। ম্যাচের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার চার উইকেটের মধ্যে তিনটি ক্যাচ নেন তিনি। এইডেন মার্করাম, জুবাইর হামজা ও ম্যাথু ব্রিটস্কির ক্যাচ জমা পড়ে তাঁর গ্লাভসে।
বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা সীমিত হয়ে আসে মাত্র ২৮ ওভারে। সেদিনও কিপিংয়ে দারুণ দক্ষতার পরিচয় দেন লিটন। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ ধরেন তিনি।
বুধবার চতুর্থ দিনের খেলায়ও থামেনি তাঁর সাফল্যের ধারা। দিনের ২৪তম ওভারে মিরাজের বলে ১০২ রান করা রায়ান রিকেলটনকে স্টাম্পড করেন লিটন। পরের ওভারেই একই বোলারের বলে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে এক ইনিংসে আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এই কীর্তির পাশাপাশি আরেকটি বিরল রেকর্ডও নিজের করে নিয়েছেন লিটন। একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে আটটি ডিসমিসাল করা প্রথম উইকেটকিপার তিনি। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরির সঙ্গে ছয়টির বেশি ডিসমিসালের নজিরও আর কারও নেই। এর আগে এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ছয়টি ডিসমিসাল করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে স্মরণীয় কিছু করার প্রত্যাশা ছিল ৩২ বছর বয়সী লিটনের। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরিতে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটানোর পর এবার উইকেটের পেছনেও দেখালেন অসাধারণ নৈপুণ্য। ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই জোহানেসবার্গ টেস্টের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
টেস্টে প্রথমবার এক ইনিংসে ৭ ডিসমিসাল করেছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে গড়েছিলেন কীর্তিটা। পরে তাঁর মতো ইনিংসে ৭ ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভারা।




















