জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর
- আপডেটের সময়: ০৪:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 11
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরও ঋণ নয়।
একই সঙ্গে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকারও এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো ব্যবস্থা চালুর প্রস্তাবও দেন তিনি।
এ ছাড়া পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে সব দেশের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেন।
কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের ভিত্তি হিসেবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের কথা উল্লেখ করেন তিনি।
বক্তব্যে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পাশাপাশি এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণেও কাজ করছে সরকার। এ ছাড়া পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির লক্ষ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
এ ছাড়া উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন দেখতে চায়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটননগরী আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত শহরটির সম্মেলনকেন্দ্রে গত সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে ১১ দিনব্যাপী এ আয়োজন। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করছেন দেশটির পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, সম্মেলনের আলোচনাপর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিতে তুরস্কে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি।


















