আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- আপডেটের সময়: ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 11
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। এ সময়ে মোট ১০ কার্যদিবস নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হবে।
আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে বর্তমান অধিবেশনের কার্যক্রম সীমিত রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন বসে। সেই ধারাবাহিকতায় আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ২০২৭ সালের প্রথম অধিবেশন শুরু হতে পারে।
এদিকে, আজ অধিবেশন শুরুর দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চতুর্থ অধিবেশনের মেয়াদ, কার্যদিবস ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।




















