এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক
- আপডেটের সময়: ০১:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 139
চট্টগ্রামে শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার কর্মকর্তা–কর্মচারী ও শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয় কারখানাগুলোতে, যা আজ শনিবার (১ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। কারখানাগুলো বন্ধ হওয়ায় প্রায় সাড়ে ৪ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে এসব কারখানার নিরাপত্তা ও বৈদ্যুতিক বিভাগের কিছু কর্মী এখনো চাকরিতে আছেন।
এস আলম গ্রুপের যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও পশু খাদ্যের একটি কারখানা। তবে বাঁশখালীতে এস আলমের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্ট নামের কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি চালু রয়েছে।
ছাঁটাই এর নোটিশে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনার কথা তুলে ধরে বলা হয়, তালিকাভুক্ত কর্মকর্তা–কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল, যা ১ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে কারখানাগুলোর কর্মীদের বেতন ও অন্যান্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। গত দুই বছর ধরে এসব কারখানা আমদানি ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল সংকটসহ নানা কারণে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলো। এতোদিন মজুত করা কাঁচামাল দিয়ে কোনো রকমে উৎপাদন চালিয়েছিলো কারখানাগুলো।


























