চামড়াশিল্পে পৃথক বোর্ড গঠনের দাবি ব্যবসায়ীদের, নীতিগত সহায়তার আহ্বান
- আপডেটের সময়: ০৭:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 271
চামড়াশিল্পের জন্য আলাদা একটি জাতীয় বোর্ড গঠনের দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। একইসঙ্গে কাঁচা চামড়া সংরক্ষণে ঋণ সুবিধা, রাসায়নিক দ্রব্য আমদানি সহজীকরণ এবং সনদসংক্রান্ত জটিলতা দূর করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব দাবি উঠে আসে। ‘অস্তিত্ব সংকটে চামড়াশিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান’ শীর্ষক এ আয়োজন করে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। এতে ব্যবসায়ী, গবেষক ও নীতিনির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক সাদাত হোসেন। মূল প্রবন্ধে তিনি বলেন, চা ও বস্ত্র খাতের মতো চামড়াশিল্পেরও একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক বা অভিভাবক সংস্থা থাকা প্রয়োজন। তার মতে, উচ্চ মূল্য সংযোজন থাকা সত্ত্বেও চামড়াশিল্প যথাযথ নীতিগত গুরুত্ব পাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, কিছু খাত তুলনামূলক কম মূল্য সংযোজন করেও বেশি প্রণোদনা সুবিধা পাচ্ছে, অথচ চামড়াশিল্প কাঙ্ক্ষিত নীতিসহায়তা থেকে বঞ্চিত।
সেমিনারে ট্যানারি খাতে পরিবেশগত মান উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় ছোট আকারের ইটিপি (Effluent Treatment Plant) স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা এবং হিমাগার অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বক্তারা কাঁচা চামড়া সংরক্ষণ ব্যবস্থায় ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সহায়তা, রাসায়নিক আমদানিতে শুল্ক ও প্রশাসনিক জটিলতা হ্রাস এবং আন্তর্জাতিক সনদ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল মুত্তালিব বলেন, বৈশ্বিক চামড়ার বাজার বিশাল হলেও বাংলাদেশ এখনো সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
এছাড়া রাজনৈতিক ও কাঠামোগত সমস্যার কারণে খাতটির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। তারা বিষয়টি জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণী আলোচনায় আনার আহ্বান জানান।





















