সিটি কর্পোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমার বড় কমিটমেন্ট: ডিএনসিসি প্রশাসক
- আপডেটের সময়: ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 216
উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব নিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর যে কতগুলো কমিটমেন্ট ঢাকাবাসীকে দিয়েছি, তার মধ্যে প্রধান হচ্ছে, সিটি করপোরেশন ও সরকারের যে সম্পত্তিগুলো আছে, সেগুলো দখলমুক্ত করা। এটা আমার একটি বড় ম্যান্ডেটের একটি।’
বুধবার (৫ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানে গিয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান মোহাম্মদ এজাজ।
ছোট্ট অবৈধ স্থাপনা বন্ধ করে দিলে, সে কখনো ছিনতাইকারী হবে না বলেও মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
অভিযানে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘এখানে যাঁরা ব্যবসা করছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের আমরা সাত দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে হয় তাঁরা তাঁদের এই মালপত্র নিয়ে সরে যাবেন অথবা সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে তাঁদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।’
তিনি বলেন, ঢাকার প্রত্যেক মানুষের এটি অধিকার যে তারা পার্কে যাবে, ওপেন স্পেসে ঘোরাঘুরি করবে। এই খোলা জায়গা ঢাকার সবচেয়ে বড় সংকট। আর দ্বিতীয় কাজটি হলো, সরকারের অনেক সম্পত্তি যেগুলো বেদখলে আছে, সেসব জায়গা থেকে অর্থ আয় করা।
এ বিষয়ে এই প্রশাসক বলেন, ‘আমাদের সিটি করপোরেশনের সবচেয়ে বড় যে জায়গা, সেটি আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে। এখানে প্রায় ৩০ একরের ওপরে জায়গা। সামনের রাস্তা বেড়িবাঁধ। তারপরে আমাদের জায়গা আছে প্রায় দেড় শ একর।’
‘দেড় শ একরের মধ্যে কিছু অংশ ভরাট আছে, দখলে আছে, সেগুলো আমরা উদ্ধার করব এবং উদ্ধারকাজ শুরু হয়েছে আজ থেকে। আমার পেছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা ও অন্যান্য যে কমার্শিয়াল কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এগুলো দীর্ঘ সময় হয়ে এসেছে এবং তারা একটি পয়সাও সিটি করপোরেশনকে ভাড়া দিচ্ছেন না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘যাঁরা এখানে ব্যবসা করেন, কোটি কোটি টাকার ব্যবসা। এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই। বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে, যাঁরা অন্যায় করবেন সেই অন্যায়কে প্রতিহত করতে হবে। পরে কীভাবে এটাকে লিগ্যাল জায়গায় নেওয়া যেতে পারে, সেটি খোলা আছে।’
আরেক প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, ‘যে গদিগুলো ভেঙেছি, সেটা ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার। এটা আমরা বন্ধ করেছি, এটা প্রতীকীভাবে; যেন তাঁরা (দখলদারেরা) আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, তখন আপনারাই বলবেন, আমরা এদের সঙ্গে নেগোশিয়েট করে ফেলেছি।’
এ সময় একজন ব্যবসায়ী বলেন, সবারই তো সংসার আছে, সামনে ঈদ আসতেছে। দুই ঘণ্টা সময় দিত। হয়তো জিনিসপত্র সরিয়ে তারা পরে আরেকটা দোকান ঠিক করে নিত৷ জিনিসপত্রের ক্ষতি হলে কেউ তো ক্ষতিপূরণ দিবে না। ছিনতাইকারী কে বানায় আপনারা বলেন তো? সমাজের যারা বড়লোক কোটিপতি আছে তারা ছিনতাইকারী বানায়৷ গরিব মানুষ ছিনতাইকারী হয় না, ছিনতাইকারী তাদের বানানো হয় হাতে ধরে।
আরেকজন ব্যবসায়ী বলেন, আমরা ৩৫-৪০ বছর দোকানদারি করতেছি এখানে, আমাদের একটা নোটিশ দিতে পারতো সরে যাওয়ার।





















