ভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারত, অবনতির আশঙ্কা
- আপডেটের সময়: ০৫:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / 302
নিজস্ব প্রতিবেদকঃ
ভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারত, অবনতির আশঙ্কা
ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে তিনদিনে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়াসহ ভূমিধসের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকার জনজীবন।
দেশটির হিমাচল প্রদেশে ভূমিধস এবং আকস্মিক বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবন অচল হয়ে পড়েছে।
প্রতিবেশী উত্তরাখণ্ডেও একই রকম পরিস্থিতি বিরাজ করছে, যেখানে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
রাজধানী দিল্লিতে পুরো শহর বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। শহরের কিছু কিছু জায়গায় অবস্থা বিশেষত উদ্বেগজনক, যেখানে জলাবদ্ধ ড্রেন এবং নিমজ্জিত রাস্তা থেকে পানি উপচে বাসিন্দারা আটকে পড়ে যান।
অনেককে বন্যার পানি পেরিয়ে যাতায়াত করতে হয়েছে বা ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়েছে। রাজধানীতে তিনদিনের বৃষ্টিপাত সহ্য করতে ব্যর্থ হওয়ায় অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করেন।
আসাম এবং নাগাল্যান্ডসহ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি রাজ্যেও সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আসামে বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্ক করেছে যে দেশের উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে মারাত্মক বন্যা হয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টির তীব্রতা বেড়েছে।
এমন বন্যার পেছনে অনেক কারণ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত পর্যটন রাজ্য উত্তরাখণ্ডে ভূমিধসের কারণে চলাচল ব্যাহত হওয়ার পরে একটি মূল মহাসড়ক বন্ধ করতে হয়েছিল।
এই রাজ্যে গত ৪৮ ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে প্রতিবেশী হিমাচল প্রদেশে রোববার একাধিক গাড়ি জলে ভেসে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে। রাজ্য সরকার সপ্তাহান্তে কমপক্ষে ১৪টি ভূমিধস এবং ১৩টি আকস্মিক বন্যার ঘটনা জানিয়েছে।
সেখানে শনিবার থেকে এক পরিবারের তিন সদস্যসহ অন্তত পাঁচজন মারা গেছে এবং ৭০০টিরও বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ আগামী দুইদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে।





















