রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত চার
- আপডেটের সময়: ০৯:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / 392
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, উপজেলার কাটরাশইন দিঘিরপাড়া গ্রামের মাসুদ রানা (৪৫) ও তার ছেলে সোহান (২২) এবং এনায়েতপুর মঙ্গলপাড়া গ্রামের সোহাগ আলীর ছেলে সম্রাট (১৮) ও মহসিন আলীর ছেলে আলম বাবু (৩৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকালে একটি মোটরসাইকেল যোগে মাসুদ রানা ও তার ছেলে সোহান আবাদপুকুরের দিক থেকে রাণীনগর সদরে আসছিল এবং সম্রাট ও আলম বাবু একটি মোটরসাইকেল যোগে রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় দুই মোটরসাইকেল সদরের হাতিরপুল ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে দুই মোটরসাইকেলের চারজন আরোহী আহত হন। আহত চারজনের মধ্যে সোহান ও আলম বাবু গুরুত্বর আহত হয়েছেন।
এ সময় স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। দুই মোটরসাইলে থাকা চারজন আহত হয়েছেন।


























