গাইবান্ধায় বৈদ্যুতিক তারের কয়েলে ২৪ কেজি গাঁজা প্যাচিয়ে পাচারকালে আটক- ৩
- আপডেটের সময়: ১২:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 280
গাইবান্ধা সংবাদদাতা:
বৈদ্যুতিক তারের কয়েলে গাঁজা প্যাচিয়ে পাচারকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় সফর সঙ্গী নামের একটি যাত্রীবাহী বাস থেকে গত রবিবার ২৬ ফেব্রুয়ারি ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন—কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী(২২) আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) ও ফুলবাড়ি উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাকির (২০)।
ঘটনার দিন বিকেলে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ি পৌরসভার মহেশপুরের বিটিসি মোড়ের দক্ষিণ পাশে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বগুড়াগামী সফর সঙ্গী নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩টি ডিসের ক্যাবল প্যাঁচানো কয়েলের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ কাজে জড়িত ওই ৩ মাদক কারারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


























