রামু বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী ‘জাহাজ ভাসা উৎসব’ পালিত
- আপডেটের সময়: ১০:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / 442
কক্সবাজার প্রতিনিধি:
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী ‘জাহাজ ভাসা উৎসব’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার এ উৎসবকে কেন্দ্র করে বাঁকখালী নদীর দুই পাড় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়।
নদীতে ভাসানো হয় নানা রং-বেরঙের কাগজ আর বাঁশ-বেতের সমন্বয়ে তৈরি ‘কল্পজাহাজ’।বৌদ্ধরা ছাড়াও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজন উৎসবে সমবেত হন।
প্রতিবছর এ উৎসব পালিত হয় প্রবারণা পূর্ণিমার একদিন পর। প্রতিবছরের মতো এবছরও রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করেছে। বৌদ্ধ ভিক্ষুরা সূত্রপাঠ আর ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এরপরই নদীতে ভাসানো হয় বর্ণিল কল্পজাহাজগুলো। নদীতে ভাসমান এসব জাহাজে ধর্মীয় সংকীর্তন ছাড়াও তরুণেরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে।
বাঁশ-বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ছয়টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়।
পাচঁ-ছয়টি নৌকাকে বাঁশের সঙ্গে রশি দিয়ে বেঁধে ভেলা বানিয়ে নদীতে ভাসানো হয় এসব কল্পজাহাজ। এসব জাহাজেই শিশু-কিশোর ও তরুণরা ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গানে মেতে ওঠেন।
রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজভাসা উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী অর্পণ বড়ুয়া জানান, এ বছর রামু উপজেলার মধ্যম মেরংলোয়া, পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়া পাড়া ও হাজারীকুল গ্রাম থেকে মোট ছয়টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়েছে। গত এক মাস ধরে এসব জাহাজ তৈরি করা হয়েছে।
কল্পজাহাজ ভাসা উৎসব উপলক্ষে রামুর বাঁকখালী নদীর তীরে আয়োজন করা হয় এক সম্প্রীতি সমাবেশের।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপি উৎসবের শেষ দিনে ‘সম্প্রীতির জাহাজে, ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ এ শ্লোগানে জাহাজ ভাসানোর আয়োজন করা হয়।দুপুরে ব্যতিক্রমী এ আনন্দযজ্ঞ উদ্বোধন করেন ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ কে. শ্রী জ্যোতিসেন থের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বৌদ্ধ ধমীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু সুপ্ত বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া, রামু উপজেলা সহকারী ভৃমি রিগ্যান চাকমা।



























