ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান
সিন্ডিকেট ও চাঁদাবাজি অব্যাহত থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব ?
- আপডেটের সময়: ০৬:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 399
আগের মতোই বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বানিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে বলে প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি, সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারীর সংবাদে দেশের মানুষ হতবাক।
তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কিসের জন্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।























