গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি, কিশোরগঞ্জে পদায়ন
- আপডেটের সময়: ১০:১৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 36
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির তথ্য জানা গেছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। ফলে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগে ধারাবাহিক পরিবর্তন দেখা যাচ্ছে।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে ধারাবাহিকভাবে এসব বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।





















