আজ বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০১ শিক্ষক
- আপডেটের সময়: ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 67
আজ বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দেওয়া হবে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে দুপুর সাড়ে ১টায় আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য এবং বিশেষ অতিথি, প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুষ্ঠিত হবে।
পরে নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। জাতি গঠনে শিক্ষকদের অবদান ও ভূমিকার স্বীকৃতি দেওয়া এবং সম্মাননার মাধ্যমে তাদের মর্যাদা তুলে ধরাই দিবসটি উদযাপনের অন্যতম লক্ষ্য।
এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।
প্রাথমিক পর্যায়ের নির্বাচিত ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।
চিকিৎসা শিক্ষায় ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় এবং ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পাবেন। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও সম্মাননার তালিকায় রয়েছেন।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে সম্মাননার সংখ্যা ও স্তর কমানো বা বাড়ানোর ক্ষমতা জাতীয় স্টিয়ারিং কমিটির রয়েছে।
গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক সার্চ কমিটি গঠন করে। এসব কমিটি প্রতিটি শ্রেণিতে একজনের বিপরীতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত সার্চ কমিটি প্রতিটি শ্রেণিতে তিনজন শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠায়। এসব প্যানেল যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।
ইউনেসকোর ঘোষিত প্রতিপাদ্য অনুসারে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।





















