নগদ-ইউসিবি অংশীদারিত্বে বাড়বে ডিজিটাল ও নগদবিহীন লেনদেন
- আপডেটের সময়: ০৯:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 86
ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ।
চুক্তির ফলে ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছাবে। এ ক্ষেত্রে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদের গ্রাহকেরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে ভবিষ্যতে ইউসিবির বিভিন্ন ঋণের কিস্তি, মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গ্রাহক একীভূতকরণ ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে দেশে নগদবিহীন লেনদেনের প্রসারেও চুক্তিটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমায়ুনউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ শুরু থেকেই কাজ করছে। এই চুক্তি দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। সমন্বিত এ উদ্যোগ দেশের নগদবিহীন অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হোলসেল ব্যাংকিং) সুফিয়া আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এমআই অ্যান্ড ওবিইউ) ইউসুফ হাবিব, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (রেমিট্যান্স) মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমানে ইউসিবি থেকে নগদে অ্যাড মানি এবং উভয় প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের মাধ্যমে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু রয়েছে। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এসব সেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে নগদ।





















