আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- আপডেটের সময়: ০৯:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 58
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ‘এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’ নামে এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রস্তাবিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। মেয়াদ শেষে বন্ডটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি জামানতবিহীন বন্ড হওয়ায় এর বিপরীতে কোনো জামানত থাকবে না।
বন্ডটির সুদের হার নির্ধারণ করা হবে রেফারেন্স হারের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। বন্ডটি ব্যক্তিগতভাবে বরাদ্দের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বাসেল-৩ কাঠামোর আওতায় টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।





















