১৩ বছরে পদার্পণ জেনিথ ইসলামী লাইফের, ৪৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
- আপডেটের সময়: ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 93
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে ২০১৩ সালের ১১ আগস্ট কার্যক্রম শুরু করা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সফলতার সঙ্গে প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে। সফল পথচলার এ সময়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রায় ৪৭ কোটি টাকার বীমা দাবি ও অন্যান্য সুবিধার অর্থ পরিশোধ করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, গত ১৩ বছরে ৩৬৮টি মৃত্যুদাবি, ৪ হাজার ২৬৮টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি এবং ১ হাজার ১৫২টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি পরিশোধ করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সার্ভাইভাল বেনিফিট (এসবি) ও সমর্পণমূল্যের অর্থও দেওয়া হয়েছে। মৃত্যুদাবি ছাড়া বাকি সব অর্থ ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, বর্তমানে ছয়টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের বীমাসেবার আওতায় রয়েছে। আধুনিক গ্রাহকসেবা ও অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় কোম্পানিটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্রযুক্তি ব্যবহার করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে তৈরি পোশাক, ব্যাংক, লিজিং, শিপিং, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় খাতের উদ্যোক্তারা রয়েছেন। এ ছাড়া কোম্পানিটির শেয়ারহোল্ডারদের মধ্যে একটি জীবন বীমা ও একটি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।
১৩ বছর পূর্তি উপলক্ষে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী ও কর্মীদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজকের এ অবস্থানে পৌঁছেছে। আগামী দিনে সেবার মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরও বেশি জোর দেওয়া হবে।





















