ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেটের সময়: ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 145
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কর্মশালা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয় ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালা।
সকাল ১০টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল সেশন রাখা হয়েছে, যেখানে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হবে।
সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও উপস্থিত থাকবেন।





















