নওগাঁর রাণীনগরে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেটের সময়: ০৪:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 183
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিপু হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
তিনি জানান, উপজেলার ধনপাড়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল
৫টার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গোনা এলাকার বিপু হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



























