নবীনগরে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্ন বিষয়ে প্রশিক্ষণ
- আপডেটের সময়: ১০:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / 241
শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ প্রমুখ।
প্রশিক্ষণে ৮৭ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একজন সুস্থ শিশু দেশ ও জাতির সম্পদ। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরী। গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং নবজাত শিশুর যত্ন ও সঠিক পরিচর্যার মাধ্যমেই সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।



























