কুমিল্লায় মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি
- আপডেটের সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 407
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
কুমিল্লায় শিক্ষাবৃত্তি পেয়েছে ৬৫ জন শিক্ষার্থী। জেলার সদর দক্ষিণ উপজেলা পূর্ব জোড়কাননের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ মাঠে এ শিক্ষা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দ রেফাঈ আবিদ উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন।
সৈয়দ রেফাঈ আবিদ বক্তব্যে বলেন, বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান তেমন করেনা। শিক্ষকদের সম্মানের কোন বিকল্প নেই। শিক্ষক যেমনই হোক ওনাকে সম্মান করতে হবে। আমি শিক্ষকদের সম্মান করার কারনে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এখনো নটরডেম কলেজে গেলে স্যারদের সালাম ও কৌশল বিনিময় করে দোয়া নিয়ে আসি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা মাদকাসক্তে জড়িয়ে যাচ্ছে শিক্ষকরা তাদেরকে গাইড করবে। পড়াশুনার দিকে মননশীল চর্চায় গড়ে তুলতে হবে। কারন মেধা আর পরিশ্রমের কোন বিকল্প নেই।
পূর্ব জোড়কানন ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে ও কাজী মোঃ ফজল মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, পল্লী উন্নয়ন অফিসার আবুল বাসার।
উল্লেখ্য, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের শিক্ষা বৃত্তি প্রতিবছরের ন্যায় এবারও পূর্ব জোড়কানন ইউনিয়ন মেধাবৃত্তি প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।



























