ডিসেম্বরে রাজাকারদের তালিকা প্রকাশ, আশা মুক্তিযুদ্ধ মন্ত্রীর
- আপডেটের সময়: ০২:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / 299
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত কাজ চলছে। আশা করা হচ্ছে- ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
তিনি মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোন আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলী অর্থাৎ কিভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের জন্য তাকে দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না।’
মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে মসজিদে নামাজ আদায় করেন। বিকেলে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে নামাজ আদায় এবং কবর জিয়ারত করেন।





















