ঘুম থেকে ডেকে দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
- আপডেটের সময়: ০৩:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / 434
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ভোরে ঘুম থেকে ডেকে দেয়ায় লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে।
১৩ নভেম্বর, শনিবার ভোর সাড়ে ৫টার সময় উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল কাদের (৫৫) ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। ঘাতক ছেলে শহীদুল ইসলাম (২২) ঘটনার পর পলাতক রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবা রুহুল কাদের ছেলে শহীদুল ইসলামকে ক্ষেতের কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দেন। পরে বাবা গোয়াল ঘরে গরুকে খাবার দিতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে ছেলে শহীদুল ইসলাম তার বাবাকে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মারা যান।
ওসি আরো বলেন, ঘটনাটি ধামাচাপা দিয়ে মরদেহ দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।



























