মুশফিকের শততম টেস্টে ২১৭ রানে জিতল বাংলাদেশ
- আপডেটের সময়: ০২:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 140
স্পোর্টস ডেস্ক
চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষা বাড়িয়েছে। তবে ঠিকই বড় জয় পেয়েছে টাইগাররা। ২১৭ রানের জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।
৫০৯ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ২৯১ রানে অলআউট আয়ারল্যান্ড। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল ২১৭ রানে।
এই জয়ের সৌজন্যে সিরিজটি ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি ২৫তম জয়।
ম্যাচের শেষ দিনে ৪ উইকেট নিয়ে ৫৯.৩ ওভার ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৪ চার ও ২ ছক্কায় ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। হোয়ে করেন ১০৪ বলে ৩৭ রান।
প্রথম সেশনে ৩৯ ওভারে মোটে ২ উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। পরে দ্বিতীয় সেশনে আরও ২০.৩ ওভার করে বাকি ২ উইকেট নিয়েছে তারা।
বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট নেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫-১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০-২-০)
























