ওনাব-এর নির্বাহী কমিটির সদস্য হলেন বিডি সমাচার সম্পাদক মহসিন হোসেন
- আপডেটের সময়: ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 174
নিজস্ব প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি সদস্য নির্বাচিত হয়েছেন বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মহসিন হোসেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
‘এ ছাড়া অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)- এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।
ঘোষিত নতুন কমিটির অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ। নির্বাহীর কমিটি সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী ,সৈয়দ আরিফুজ্জামান, মহসিন হোসেন এবং খোকন কুমার রায় ।
এর আগেও মহসিন হোসেন ওনাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (চবিসাফ) সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনে সম্পৃক্ত রয়েছেন।
সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় দিনটি বার্ষিক সাধারণ সভার মাধ্যমে শুরু হয়।
সভার শুরুতেই ওনাবের সদস্য ও বিডিনিউজ ২৪-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ওনাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করতে উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।
সভায় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতি বছর নতুন করে নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং এদের সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার জোর দাবি জানান নিবন্ধিত গণমাধ্যম মালিকরা। এসব দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
উক্ত সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন শাহিন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন এবং সৈয়দ আরিফুজ্জামান।
সবশেষে অনলাইন গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও সংগঠনের করণীয় বিষয়াবলি তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন নতুন নির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।




















