সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, জরুরি প্রয়োজনে মিলছে ছাড়
- আপডেটের সময়: ১২:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 87
একীভূত পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের অর্থ পরিশোধ করা হচ্ছে। পরবর্তী সময়ে আবেদন করা গ্রাহকদের অবশ্য নির্ধারিত সময় অনুযায়ী অপেক্ষা করতে হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এ চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে। তবে কোনো গ্রাহকের জরুরি প্রয়োজন থাকলে বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের আগেও টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
নয়াপল্টন শাখায় টাকা তুলতে আসা শারমিন জাহান জানান, আমি গত ৩ সেপ্টেম্বর টাকা উত্তোলনের জন্য আবেদন করেছি। নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর আমার টাকা পাওয়ার কথা। কিন্তু আমার বাচ্চা অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তিনি আমাকে ২০ হাজার টাকা উত্তোলনের অনুমতি দেন। ব্যাংকে এসেই জরুরি টাকাটা পেয়ে গেছি। এজন্য ভালো লেগেছে।
অন্যদিকে টাকা উত্তোলনের জন্য শাখায় আসা দিদারকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। তিনি জানান, যারা ১ সেপ্টেম্বর আবেদন করেছেন, আজ মূলত তারাই টাকা পাচ্ছেন। আমার আবেদন ৩ সেপ্টেম্বরের। তাই আরও দুই দিন অপেক্ষা করতে হবে। তবে আজ অন্য গ্রাহকদের টাকা তুলতে দেখে আশ্বস্ত হয়েছি। আশা করছি নির্ধারিত সময়েই আমার টাকাও পাব।
সম্মিলিত ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার আগে তাদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো একটিতে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকের এনআইডি নম্বরের মাধ্যমে সিস্টেমে যাচাই করা হচ্ছে তার কোনো খেলাপি ঋণ আছে কি না। যদি কোনো গ্রাহক খেলাপি হন বা ঋণের তথ্য পাওয়া যায়, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর নিয়ম অনুযায়ী তার টাকা উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
নয়াপল্টন শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে শাখায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে। ফলে টাকা উত্তোলনে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই।
তিনি বলেন, আমরা সবসময় গ্রাহকদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। গ্রাহকদের আবেদনের ভিত্তিতে আমরা অর্থের চাহিদা জানিয়েছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকও সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।
তিনি আরও বলেন, ১ সেপ্টেম্বর যারা আবেদন করেছেন, আজ তাদের টাকা দেওয়া হচ্ছে। ২ বা ৩ সেপ্টেম্বর যারা আবেদন করেছেন, তাদের নির্ধারিত সময় অনুযায়ী আরও এক-দুই দিন অপেক্ষা করতে হবে। তবে কারও পরিবারের সদস্য অসুস্থ হওয়া বা অন্য কোনো জরুরি প্রয়োজন থাকলে আমরা বিষয়টি বিবেচনা করে যতটা সম্ভব দ্রুত টাকা দেওয়ার চেষ্টা করছি।
বিজয়নগর শাখার ব্যবস্থাপক চৌধুরী এস এম আতিকুর রহমান জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থের ব্যবস্থা রাখা হয়েছে। বড় অঙ্কের আমানতকারী চাইলে ব্যাংকে টাকা রেখে দিতে পারেন। আবার প্রয়োজন হলে টাকা উত্তোলন কিংবা আরটিজিএসের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুযোগও রয়েছে।
আমানতকারীদের অর্থ ফেরত দিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১ সেপ্টেম্বর থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। ছয় দিনে প্রায় ৭৫ হাজার গ্রাহক অর্থ ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক। আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও কার্যক্রম বাস্তবে শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।





















