যন্ত্রাংশের নামে বিলাসবহুল গাড়ি, আমদানিকারকের ঠিকানায় মিলল না প্রতিষ্ঠানের অস্তিত্ব
- আপডেটের সময়: ০৭:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 72
গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে বিএমডব্লিউ, লেক্সাস, রেঞ্জ রোভার ও টয়োটাসহ চারটি বিলাসবহুল গাড়ি দেশে আনার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গাড়িগুলোর আমদানিকারক ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস। তবে আমদানি নথিতে প্রতিষ্ঠানটির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কোনো গাড়ির ব্যবসা বা প্রতিষ্ঠানটির কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
নথিতে ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের ঠিকানা হিসেবে রাজধানীর গেন্ডারিয়ার ৩/১ দীননাথ সেন রোড উল্লেখ করা হয়েছে। সরেজমিনে ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে বর্তমানে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে।
২৬ কাঠা জমির ওপর ভবনটি নির্মাণ করছে আল-আকসা বিল্ডার্স। ভবনের কয়েকটি ফ্ল্যাটে ইতোমধ্যে মানুষ বসবাস শুরু করেছেন। দ্বিতীয় তলায় রয়েছে নির্মাণকারী আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়।
আল-আকসা বিল্ডার্সের হিসাবরক্ষক আবদুল কাইয়ুম জানান, ২০১৮ সাল থেকে ওই স্থানে ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে কোনো গাড়ির প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল বলে তাঁর জানা নেই। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, আগে সেখানে ‘ক্রাউন’ নামে একটি বাতি তৈরির কারখানা ছিল।
একই তথ্য জানিয়েছেন পাশের সেলিম স্টোরের মালিক সেলিম মিয়া। দীর্ঘদিন ধরে সেখানে মুদিদোকান পরিচালনা করা সেলিম মিয়া বলেন, সাতক্ষীরাভিত্তিক একটি ‘ক্রাউন’ কোম্পানি ওই স্থানে আগে বাল্ব তৈরি করত। প্রায় ১০ বছর আগে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে জমিটি আবাসন প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
তবে বর্তমানে সেখানে ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের কোনো কার্যক্রম না থাকলেও প্রতিষ্ঠানটির নামে এখনো ডাকযোগে চিঠি আসে বলে জানিয়েছেন আবদুল কাইয়ুম।
গেল বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাড়িগুলোর প্রতিটির মূল্য কোটি টাকার বেশি। গাড়িগুলো মোংলা বন্দর দিয়ে দেশে আনা হয়েছিল।
এনবিআর জানিয়েছে, শতভাগ কায়িক পরীক্ষা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে গাড়িগুলোতে শুল্ক ফাঁকির বিষয়টি শনাক্ত করা হয়।
এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঘোষিত ঠিকানায় গাড়ির যন্ত্রাংশের ব্যবসার অস্তিত্ব না থাকলেও ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস ২০১৫ সাল থেকে নিয়মিত গাড়ির যন্ত্রাংশ আমদানি করে আসছে।
গত এক যুগে প্রতিষ্ঠানটি মোট ২৭টি চালান আমদানি করেছে। এসব চালানে ঘোষিত পণ্যের মোট আমদানিমূল্য ছিল প্রায় ১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২৮ জুলাই চট্টগ্রাম বন্দর দিয়ে ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের প্রথম চালান দেশে আসে। প্রায় দেড় হাজার মার্কিন ডলার মূল্যের ওই চালানে দুই টন গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল।
শুধু ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি চারটি চালান আমদানি করে। পরবর্তী বছরগুলোতে এক থেকে ছয়টি পর্যন্ত চালান আনা হয়। এর মধ্যে ২০২৪ সালে পাঁচটি এবং ২০২৫ সালে ছয়টি চালান আমদানি করা হয়।
এনবিআরের তথ্য পর্যালোচনায় আরও দেখা গেছে, প্রতিটি চালানেই আমদানিকারকের ঘোষিত মূল্যের তুলনায় বেশি শুল্কায়নমূল্য নির্ধারণ করেছে কাস্টমস। কোনো কোনো চালানে ঘোষিত মূল্য ও শুল্কায়নমূল্যের পার্থক্য ছিল প্রায় দেড় থেকে ছয় গুণ।
অর্থাৎ, আমদানিকারকের ঘোষিত মূল্য কম হওয়ায় কাস্টমস তা গ্রহণ করেনি। পরিবর্তে বাস্তব বা নির্ধারিত মূল্যের ভিত্তিতে পণ্যের শুল্কায়ন করা হয়েছে।
এর আগে ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের খালাস নেওয়া সব চালান চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে এসেছে। এর মধ্যে সাতটি চালান চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে নিয়ে খালাস করা হয়। অন্য চালানগুলো চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নের পর খালাস দেওয়া হয়।
সব চালানের পণ্য ঘোষণায় গাড়ির যন্ত্রাংশের কথা উল্লেখ করা হয়েছিল। তবে এবারই প্রথম মোংলা বন্দর দিয়ে আসা একটি চালান খালাসের আগেই আটক করা হলো।
চট্টগ্রাম বন্দর দিয়ে আসা ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের চালান খালাসের কাজে নিয়োজিত ছিল এম জেড ইন্টারন্যাশনাল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার মাসুদুজ্জামানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
মোংলা বন্দর দিয়ে গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আনা চারটি বিলাসবহুল গাড়ি জাপানের আশিকাগা-শি শহরের মাহি কার পোর্ট থেকে ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের কাছে পাঠানো হয়েছে।
এনবিআরের ডেটাবেজে থাকা তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের একটি চালান ছাড়া বাকি সব চালানের রপ্তানিকারক ছিল মাহি কার পোর্ট। শুধু একটি চালান পাঠিয়েছিল দুবাইভিত্তিক মেগাসিটি জেনারেল ট্রেডিং।
নাম প্রকাশ না করার শর্তে দেশের একজন গাড়ি ব্যবসায়ী বলেন, জাপানে পুরোনো গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ রপ্তানির ব্যবসার সঙ্গে অনেক বাংলাদেশি জড়িত।
মোংলা বন্দরে চারটি বিলাসবহুল গাড়ি জব্দের পর চট্টগ্রামে একটি বিএমডব্লিউ এবং কক্সবাজারে আরও তিনটি গাড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
কর্মকর্তাদের দাবি, এসব গাড়ির ব্যবহারকারীরা বৈধ আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
এ অবস্থায় ক্রাউন অটোমোবাইল সার্ভিসেসের নামে গত ১২ বছরে খালাস নেওয়া ২৭টি চালানে প্রকৃতপক্ষে কী পণ্য দেশে আনা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে।





















