বুধবার বেক্সিমকো ফার্মার লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা
- আপডেটের সময়: ০৯:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 77
আগামীকাল বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে ৩টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি’র বহুল প্রত্যাশিত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। এছাড়া একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামীকালের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করা হবে।
২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা সমস্যার মুখে ওই বছরের ডিসেম্বর প্রান্তিকের পর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। জুলাই অভ্যুত্থানের পর থেকে কোম্পানিটির কর্ণধার সালমান এফ রহমান কারাগারে আছে। তাঁর ছেলে শায়ান রহমান অবস্থান করছেন বিদেশে। মাঝখানে সরকার কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন ও পর্ষদে সরকার মনোনীত স্বতন্ত্র সদস্য বসানোর সিদ্ধান্ত, হাইকোর্টে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট দায়েরসহ নানা ঘটনার মধ্যে দিয়ে পেরিয়েছে আলোচিত সময়।
এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বোর্ডে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা হিসাববছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় তালিকাচ্যুতির হুমকীর মুখে পড়ে। এমন অবস্থায় কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পর্ষদ সভা আহ্বান করেছে।
গত বছরের অক্টোবরে অর্থসূচককে দেওয়া এক সাক্ষাতকারে বেক্সিমকো ফার্মার সিএফও আলী নেওয়াজ ভুইয়া বলেছিলেন, রাজনৈতিক পরিবর্তনের ধাক্কা তারা সামলে উঠেছেন। সবাইকে বোঝাতে পেরেছেন যে, বেক্সিমকো ফার্মা দেশের জনগণের কোম্পানি, যে কোম্পানির বেশিরভাগ শেয়ারের মালিক সাধারণ শেয়ারহোল্ডাররা। কোম্পানিটি তার প্রবৃদ্ধি ধরে রেখে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
২০২৩-২০২৪ অর্বথছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৭ পয়সা আয় হয়েছিল। ওই বছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তার আগের ৩ বছরের জন্য দোওয়া হয়েছিল ৩৫ শতাংশ করে লভ্যাংশ।





















