গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন
- আপডেটের সময়: ০১:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / 279
২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের নামোল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলার আবেদন করা হয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. সোহেল রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক জবানবন্দি গ্রহণ করে মামলার বিষয়ে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলার আবেদন থেকে থেকে জানা গেছে, মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।











