‘সবাই মিলে গড়ব সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা’ শীর্ষক স্লোগানে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যায় নগরবাসীর মুখোমুখি হন উত্তরের মেয়র। সন্ধ্যা পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে আসেন মেয়র। এ সময় তিনি নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি নগর সাজানোর বিভিন্ন মতামত নেন ঢাকা উত্তর সিটির বাসিন্দাদের।
জনতার_মুখোমুখি_নগরসেবক এই হ্যাশট্যাগ ব্যবহার করে ফেইসবুক লাইভে সংযুক্ত হন ঢাকা উত্তরের বাসিন্দারা।
‘জনতার মুখোমুখি নগরসেবক’ অনুষ্ঠানে যুক্ত হয়ে উত্তর সিটির মেয়র জানান, ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করতে যাচ্ছে উত্তর সিটি। এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধার পাশাপাশি অভিযোগ ও মতামত জানাতে পারবেন নগরবাসী।
ফুটপাত দখলমুক্ত করা করা হকার উচ্ছেদের বিষয়ে আতিকুল ইসলাম জানান, পরিবারের আয়ের জন্য মানুষ হকারি করছেন। ইচ্ছে করলে- আজ রাতেই সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হকারদের মালামাল তুলে নিয়ে আসা যায়। কিন্তু, এতে স্থায়ী সমাধান হবে না। হকারদের সমস্যার স্থায়ী সমাধানে নগরবিদদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান মেয়র।
শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে মেয়র জানান, নগরীর বেশিরিভাগ স্থানে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নেই। এ কারণে যত্রতত্র ময়লা ফেলা হয়। তবে, এ সমস্যা সমাধানে ৫৪টি ওয়ার্ডে ৫৪টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ সময় রাজউকের কাজের সমালচনা করে মেয়র বলেন, রাজউক সুন্দর সুন্দর ভবন করছে। কিন্তু সে সব ভবনের ময়লা ফেলার বা রাখার নির্দিষ্ট কোনো জায়গা তারা রাখেনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার ওষুধ আমদানিতে কোনও সিন্ডিকেট হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন আতিকুল ইসলাম। এ সময় জনগণকে সঙ্গে নিয়ে দখল হওয়া খালগুলো দখলমুক্ত করার আশা প্রকাশ করে মেয়র। ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয়ে যারা খাল দখল করেছেন তারা যত শক্তিশালী হোক না কেন তাদের উচ্ছেদ করার কথাও জানান।
ফেইসবুক লাইভে এসে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেয়র আতিকুল ইসলাম জানান, পরিকল্পিত ঢাকা গড়তে নগরবাসীর বিভিন্ন মতামত ও প্রশ্নের উত্তর দিতে নিয়মিত ফেইসবুক লাইভে সংযুক্ত হবেন। ফেইসবুক লাইভ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।


























