আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি
- আপডেটের সময়: ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 12
সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলটির অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে এই তিন কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন।
পরে বেলা ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং ছাঁটাই বন্ধ করা। বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছামতো শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদেও তাঁরা আন্দোলন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকেরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিটি অন্যতম। এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা দাবির পক্ষে সড়কে নেমেছেন বলে জানান তিনি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।










